ময়লার মাঝেও পরিষ্কার থাকা!
রোমের সম্রাট মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিতেন, আজ তাঁর দেখা হবে অকৃতজ্ঞ, অহংকারী, প্রতারক আর হিংসুক মানুষের সাথে। তিনি জানতেন, এরা এমন করে কারণ তারা বোঝে না কোনটা সত্যিকারের ভালো আর কোনটা খারাপ। তাই তিনি তাদের ঘৃণা করতেন না। বরং মনে রাখতেন, কেউ তাঁকে জোর করে খারাপ বানাতে পারবে না, যদি না তিনি নিজে খারাপ হতে চান।
ভালো আর খারাপ মিলেই এই পৃথিবী। খারাপ ছিল, আছে, থাকবে। সব মানুষকে আমরা বদলাতে পারব না। কিন্তু অন্যের আচরণে নিজের মন কতটা নষ্ট হতে দেব, সেটা আমাদের হাতেই।
আমাদের কাজ তাই তিনটি:
১) ভালো আর খারাপ সম্পর্কে সচেতন থাকা।
২) নিজেকে খারাপ থেকে মুক্ত রাখা।
৩) আর ভালোটুকু আঁকড়ে ধরে জীবন চালানো।
তবে একটা কথা মনে রাখা দরকার। কারো মধ্যে কোনো খারাপ দিক দেখলেই তাকে পুরোপুরি বাদ দিতে হবে, এমন না। কোনো মানুষই পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ নয়। আমরা সবাই একই মানবতার অংশ, দুই হাতের মতো, দুই চোখের পাতার মতো, একে অপরের সাথে মিলেমিশে চলার জন্যই আমাদের সৃষ্টি। তাই মানুষটাকে নয়, বরং তার খারাপ দিকটাকে চিনে রাখি, আর সেটা থেকে সতর্ক থাকি। মানুষকে ঘৃণা না করে, খারাপকে এড়িয়ে চলাই আসল বুদ্ধিমত্তা।
পরিষ্কার জায়গায় পরিষ্কার থাকা সহজ। কিন্তু ময়লার মাঝেও নিজেকে পরিষ্কার রাখতে পারার মধ্যেই আসল মহত্ত্ব।




মন্তব্য